পশ্চিমবঙ্গের পাঞ্জিপাড়া–সূর্যকমল সেকশনে আধুনিক অটোম্যাটিক ব্লক সিগন্যালিং ব্যবস্থা এনএফ রেলের
গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : কাটিহারের পাঞ্জিপাড়া-কিষাণগঞ্জ-হাটওয়ার-কানকি-সূর্যকমল সেকশনে সফলভাবে ‘অটোমেটিক ব্লক সিগন্যালিং’ (এবিএস) চালু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। নতুন করে চালুকৃত এবিএস সেকশনটি প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত এবং পাঁচটি স্টেশন অ
পাঞ্জিপাড়া–সূর্যকমল সেকশনে অটোম্যাটিক ব্লক সিগন্যালিং ব্যবস্থা এনএফ রেলের


গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : কাটিহারের পাঞ্জিপাড়া-কিষাণগঞ্জ-হাটওয়ার-কানকি-সূর্যকমল সেকশনে সফলভাবে ‘অটোমেটিক ব্লক সিগন্যালিং’ (এবিএস) চালু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

নতুন করে চালুকৃত এবিএস সেকশনটি প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত এবং পাঁচটি স্টেশন অন্তর্ভুক্ত। এতে তিনটি ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) স্টেশন এবং দুটি প্যানেল ইন্টারলকিং (পিআই) স্টেশন আছে। কমিশনিং কাজের অংশ হিসেবে সিগন্যালিঙের দক্ষতা ও পরিচালনগত সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে চারটি অটো সিগন্যাল হাট স্থাপন করা হয়েছে।

আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, এই সেকশনে মোট ১৪টি লেভেল ক্রসিং গেট রয়েছে। এর মধ্যে ছয়টি গেট উন্নত সুরক্ষা এবং ট্রেন চলাচল আরও সুগম করার লক্ষ্যে অটোম্যাটিক সিগন্যালিং সিস্টেম-এর সাথে নতুনভাবে ইন্টারলক করা হয়েছে। অতিরিক্তভাবে এই সেকশনে ১৯৬টি মাল্টি-সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার (এমএসডিএসি) ডিটেকশন পয়েন্ট এবং ৪০টি নতুন অটোম্যাটিক সিগনাল স্থাপন করা হয়েছে।

তিনি জানান, অটোম্যাটিক ব্লক সিগন্যালিং ব্যবস্থার চালুকরণ কাটিহার ডিভিশনের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ করিডোরে লাইনের ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, সময়ানুবর্তিতা উন্নত করবে এবং ট্রেনের চলাচলকে আরও সুরক্ষিত ও দক্ষ করে তুলবে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার সমগ্র নেটওয়ার্কে সিগনালিং ও সুরক্ষা বৃদ্ধির জন্য ব্যাপক কাজ হাতে নিয়েছে বলে জানিয়ে কপিঞ্জল কিশোর শর্মা জানান, ২০২৫-২০২৬ সালে এনএফ রেলওয়ে মোট ২৪টি ইন্টারলকড লেভেল ক্রসিং গেট স্থাপন করেছে, পাঁচটি প্যানেল ইন্টারলকিং সিস্টেমকে ইলেকট্রনিক ইন্টারলকিং দ্বারা প্রতিস্থাপন করেছে, ২২.২৯ রুট কিলোমিটার (আরকেএম) অটোম্যাটিক ব্লক সিগন্যালিং চালু করেছে এবং ইন্টারলকড লেভেল ক্রসিং গেটগুলোতে ২৫টি স্লাইডিং বুম স্থাপন করেছে।

এই বৃহৎ সিগনালিং আপগ্রেডের সফল সমাপ্তি গোটা জোনে সুরক্ষা শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ভবিষ্যতে লাইনের ক্ষমতা, সুরক্ষা এবং ট্রেন চলাচল ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এই ব্যবস্থাকে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এটি তার নেটওয়ার্কে রেলওয়ের পরিকাঠামোর আধুনিকীকরণ, পরিচালন দক্ষতার বৃদ্ধি এবং সুরক্ষা মানদণ্ডের সুদৃঢ়করণের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক অঙ্গীকার বলে দাবি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande