
পাথারকান্দি (অসম), ১৮ মে (হি.স.) : পাথারকান্দি থানার পুলিশ পরিচালিত অভিযানে প্রায় দু-লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ সাহিম উদ্দিন নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি বড়ো দলবল নিয়ে মৈনা এলাকার অর্জুনপুর গ্রামের এক গোপন ডেরায় হানা দিয়ে মানিকপাড়ার জনৈক মসদ্দর আলির ছেলে সাহিম উদ্দিন নামের এক যুবককে আটক করেন।
ধৃতের হেফাজত থেকে নয় (৯) হাজার ৬০০টি নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন পুলিশের অভিযানকারীরা। বাজেয়াপ্তকৃত ইয়াবাগুলির কালোবাজারী মূল্য প্রায় দু-লক্ষ টাকা হবে, জানান ওসি মানসজ্যোতি।
তিনি জানান, গোটা রাত থানায় তাকে জিজ্ঞাসাবাদা করা হয়। জেরায় ধৃত যুবকের কাছ থেকে পুলিশ বেশকিছু তথ্য পেয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
আজ সোমবার সাহিম উদ্দিনকে শ্রীভূমিতে সিজেএম আদালতে পেশ করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে জেলা সংশোধনাগারে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস