
হাফলং (অসম), ১৮ মে (হি.স.) : ‘জন ভাগিদারি - সবসে দূর, সবসে পহেলে’ শীর্ষক বিশেষ জনসংযোগ কর্মসূচি উপলক্ষ্যে ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী হাইলিঙ্গের পৌরোহিত্যে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ এই জনসংযোগ কর্মসূচি আজ ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হবে। একইভাবে ডিমা হাসাও জেলার পাঁচটি উন্নয়ন ব্লকের অন্তর্গত সমস্ত গ্রামেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করা হবে।
আজ সোমবার জেলা সদর হাফলঙে জেলাশাসকের সরকারি কার্যালয়ে অবস্থিত কনফারেন্স হল-এ অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৯ মে থেকে গ্রামসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে। পাশাপাশি প্রতিদিন গ্রাম পর্যায়ে অধিকারভিত্তিক পরিষেবা শিবির, স্যাচুরেশন ক্যাম্প এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।
এছাড়া ২০ মে জন-শুনানি অভিযোগ সম্পর্কিত প্রচার, ট্রানসেক্ট ওয়াক এবং সচেতনতামূলক ঘোষণা করা হবে। জন-শুনানি কর্মসূচির আওতায় আবেদন ও অভিযোগ গ্রহণের পাশাপাশি প্রতিদিন দ্রুত সংগ্রহ ও পরবর্তী সংহতকরণ প্রক্রিয়াও চালানো হবে।
সপ্তাহব্যাপী এই অভিযানের সমাপনী অনুষ্ঠান ২৫ মে অনুষ্ঠিত হবে। এতে জেলা, মণ্ডল ও গ্রাম পর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার এ.কে ইলিয়াস নশিম আহমেদ, সহকারী কমিশনার মিথিঙ্গা দৈমারি, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উপ-সচিব সুকন্যা নুনিসা, তথ্য ও জনসংযোগ বিভাগ, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, ব্লক, বিডিও, পশুপালন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিল্প বিভাগ, খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিক সহ অন্যান্য দফতরের প্রতিনিধিরা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব