
শ্রীভূমি (অসম), ১৮ মে (হি.স.) : নানা সমস্যার সমাধানে ব্যর্থতার অভিযোগে শ্রীভূমি পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে নাগরিক সমাজ।শ্রীভূমি শহরের বিভিন্ন সমস্যা সমাধানে পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলে আজ সোমবার এক বিক্ষোভ ও ধরনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজসেবী সুজন দেবরায়ের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
পুরসভার সামনে অস্থায়ী ধরনা মঞ্চ থেকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরের নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং নাগরিক পরিষেবার চরম অব্যবস্থার দরুন সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন। বারবার পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
বিক্ষোভকারীরা পুরপতি রবীন্দ্র দেব এবং সহ-সভাপতি সুখেন্দু দাসের পদত্যাগের দাবি জানান। আন্দোলনকারীদের বক্তব্য, বর্তমান পুর পর্ষদ শহরের নাগরিকদের আস্থা হারিয়েছে, প্রশাসনিক ব্যর্থতার দায় এড়াতে পারে না পর্ষদ।
সুজন দেবরায় বলেন, 'শহরের মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নাগরিক সমস্যাগুলি সমাধানে পুরসভা সম্পূর্ণ ব্যর্থ। সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলা হবে।'
ধরনা কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও পুরসভার ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেন, বর্ষা শুরু হতেই শহরের বহু এলাকায় জল জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত কাজ এবং উদাসীনতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও তীব্র আন্দোলনে নামবেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস