
কলকাতা, ১৮ মে (হি. স. ) : পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিভিশনাল অফিসে গিয়ে পুলিশ আধিকারিক এবং কর্মীদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তাঁর থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবেন না৷
প্রতিবাদের নামে রবিবার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, আজ সরাসরি সেই ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। সেখান থেকেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনও রকম সমাজবিরোধী কার্যকলাপ বা ভাঙচুর বরদাস্ত করবে না নতুন সরকার।
বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা অশান্তি পাকানোর চেষ্টা করছেন, আমি শুধু অনুরোধ করব, এই কাজগুলো করবেন না। যদি মনে করেন আগের সরকারের নিয়ম আছে, প্রশাসনের হাত-পা বেঁধে রাখবেন, তবে স্পষ্ট জানিয়ে দিই— সেটা আর হবে না।”
তিনি আরও যোগ করেন, “যে কোনও রকম অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটি বা ভ্যান্ডালিজম (ভাঙচুর) করলে এই সরকার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় যাবে। গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি করা হবে।”
ডিসি অফিসে দাঁড়িয়ে পুলিশের মনোবল বাড়াতেও একাধিক বড় কথা বলেন মুখ্যমন্ত্রী। কর্তব্যরত পুলিশকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, “ভারতীয় ন্যায় সংহিতা যা বলেছে, সেই অনুযায়ী পুলিশদের বলব চিন্তামুক্ত হয়ে কাজ করুন। প্রধানমন্ত্রী বলেছেন— ভয় আউট, ভরসা ইন। আমাদের পুলিশের যে দক্ষতা, তা আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।”
বক্তব্যের শেষে আইন-শৃঙ্খলা বজায় রাখতে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। কড়া সুরে তিনি বলেন, “এরপরও যদি কেউ বা কারা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে তাঁরা যেন এটা ভাল করে মনে রাখেন— আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত