
বর্ধমান, ১৮ মে (হি.স.) : তোলাবাজি, সন্ত্রাস ও সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শতদ্বীপ ঘটক উরফে গুট্টুকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ফরিদপুর থানার পুলিশ লাউদোহা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেয়। সোমবার সকালে অভিযুক্ত তৃণমূল নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
অভিযোগ, শতদ্বীপ ঘটকের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা এবং নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের প্রভাবিত করার মতো একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা এর আগেও এই বিষয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন।
এদিকে গ্রেফতারির পর শতদ্বীপ ঘটক দাবি করেছেন, এটি ২০২১ সালের একটি পুরনো মামলার ভিত্তিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এদিন আদালত চত্বরে তাঁকে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি চোর-চোর স্লোগান দিলে সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি