
শ্রীভূমি (অসম) ১০ মে (হি.স.) : আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে শ্রীভূমি জেলা পুলিশ ও ১৭১ নং এবং ১৬ নং বিএন বিএসএফ। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার আসার পর থেকে অসমের প্রত্যেকটি সীমান্ত এলাকায় আরো কড়া নজরদারি শুরু করা হয়েছে । সীমান্তবর্তী বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে দিন-রাত যৌথভাবে ফুট পেট্রোলিং, বর্ডার ডমিনেশন এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি করেছে।
শ্রীভূমি পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, গরু ও অন্যান্য চোরাচালান, বেআইনি চলাচল এবং সীমান্ত ব্যবহার করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গ্রাম ও গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিয়মিত টহলদারি চালানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের উপরও কড়া নজর রাখা হচ্ছে।
শ্রীভূমি পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী প্রতিদিন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে টহল চালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাতের অন্ধকারেও থার্মাল ডিভাইস ও আধুনিক নজরদারি ব্যবস্থার সহায়তায় সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এই সক্রিয় ভূমিকার ফলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের দাবি।
বিগত কয়েকদিন আগে জেলার সিনিয়র পুলিশ সুপার লিনা দোলে স্পষ্টভাবে জানিয়েছেন যে, সীমান্তের নিরাপত্তা ও জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তের অনেক স্থানীয়দের মতে, অতীতের তুলনায় বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়েছে। নিয়মিত পুলিশ ও বিএসএফের টহলদারির ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করছেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস