
সুলতানপুর, ১৮ মে (হি.স.) — উত্তর প্রদেশের সুলতানপুর জেলার লম্ভুয়া থানা এলাকায় সোমবার সকালে লখনউ–বারাণসী সড়কে দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতক যানটির সন্ধান চলছে।
লম্ভুয়া সার্কেল অফিসার ঋতিক কাপুর জানান, সোমবার সকালে পাটখৌলি রোড ক্রসিংয়ের আগে বাসস্ট্যান্ডের কাছে লখনউ–বারাণসী মহাসড়কে কয়লা বোঝাই একটি ট্রাককে একটি গাড়ি ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ট্রাকের কেবিনে চালক আটকে পড়েন। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত লম্ভুয়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে (সিএইচসি) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ট্রাকচালকের নাম শিব কুমার যাদব (৪০), তিনি প্রতাপগড় জেলার বাবাগঞ্জ-কুন্ডা এলাকার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ–সহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ঘাতক যানটির খোঁজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস