
আরামবাগ, ১৮ মে (হি.স.): হুগলির আরামবাগে ফের বেপরোয়া গতির তাণ্ডব! রবিবার রাতে আরামবাগের বাসদেবপুর মোড় এলাকায় দ্রুতগতির একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি দোকানে সজোরে ধাক্কা মারে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, স্করপিও গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ধারের তিনটি দোকানে একের পর এক ধাক্কা মেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার ধারে গিয়ে থেমে পড়ে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনার পরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসদেবপুর মোড় এলাকায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ওই এলাকায় প্রায়শই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। প্রশাসনের কাছে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA