
আগরতলা, ১৮ মে (হি.স.) : রাজধানী আগরতলায় ভাটি অভয়নগর এলাকায় সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছে আড়াই বছরের শিশুকন্যার। মৃত শিশুটির নাম সপ্তদীপা সাহু। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ভাটি অভয়নগর সংলগ্ন অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত ছোট্ট সপ্তদীপা সাহ। গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে এলাকার কাঁটাখালের জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সোমবার সকালে বাড়ির কাছেই জমে থাকা খালের জলে হাত-পা ধুচ্ছিল শিশুটি। সেই সময় পরিবারের সদস্যদের অলক্ষ্যে হঠাৎ পা পিছলে জলে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও তল্লাশিতে যোগ দেন। খবর দেওয়া হয় আগরতলা অগ্নি নির্বাপক দফতরে। সংবাদ পেয়ে দমকল বিভাগের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জলে নেমে তল্লাশি অভিযান শুরু করে।
দীর্ঘ অনুসন্ধানের পর দুর্গা চৌমুহনী সেতুর সামনে থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
দমকল বিভাগের জনৈক আধিকারিক জানান, বৃষ্টির কারণে খালের জলস্তর বেড়ে যাওয়ায় স্রোতও তুলনামূলকভাবে বেশি ছিল। ফলে শিশুটি খুব দ্রুত স্রোতে ভেসে যায়।
এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও ঘটনায় গভীরভাবে মর্মাহত। অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল, বিশেষ করে বর্ষাকালে জলাশয় ও খালের আশপাশে ছোট শিশুদের একা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ