কদমতলায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার দুই
কদমতলা (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক পরিমাণ ৫০ হাজার ট্য
ইয়াবা উদ্ধার কদমতলায়


কদমতলা (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক পরিমাণ ৫০ হাজার ট্যাবলেট বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাইয়ের নেতৃত্বে কদমতলা থানার অন্তর্গত বাগন গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাগন গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম দাসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির সময় বাড়ির একটি ঘরে লুকিয়ে রাখা একটি বস্তার ভিতর থেকে ২৪টি পৃথক প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটগুলির মধ্যে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল বলে পুলিশ জানিয়েছে। ইয়াবাগুলি অত্যন্ত কৌশলে গোপন করে রাখা হয়েছিল।

ঘটনাস্থল থেকে গৌতম দাসকে আটক করা হয়। পাশাপাশি অসমের শ্রীভূমি জেলার নিলামবাজার এলাকার বাসিন্দা জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে তাঁদের যোগসূত্র থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এই ঘটনায় কদমতলা থানায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande