
আগরতলা, ১৮ মে (হি.স.) : মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্যের মহিলা পরিচালিত স্ব-সহায়ক দলগুলিকে (এসএইচজি) ৮৩৭.৩২ কোটি টাকার রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করেছে ত্রিপুরা সরকার। এর ফলে স্ব-সহায়ক দলগুলির কাজের পরিধি আরও বাড়বে এবং মহিলাদের আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (টিআরএলএম) এবং নগর উন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সমৃদ্ধি ২.০’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দফতরের সচিব অভিষেক সিং, অর্থ দফতরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, টিআরএলএম-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তড়িৎ কান্তি চাকমা এবং বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃষি, পশুপালন, মৎস্যচাষ এবং অন্যান্য উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ‘সমৃদ্ধি ২.০’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৮ হাজার ২৮১ জন ‘লাখপতি দিদি’ রয়েছেন, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ পূরণ করেছে। এছাড়া রাজ্যে ৩ লক্ষ ৪৮ হাজার মহিলা কৃষক সক্রিয়ভাবে কৃষি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে ৫৫ হাজার ৫৬৯টি স্ব-সহায়ক দল কার্যকর রয়েছে। রাজ্যজুড়ে এই দলগুলির বিস্তৃত নেটওয়ার্ক তৈরি হয়েছে। ব্যাঙ্কগুলি এ পর্যন্ত এই স্ব-সহায়ক দলগুলিকে মোট ২,৩৮৯ কোটি টাকার ঋণ প্রদান করেছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য সরকারও ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। মহিলাদের নেতৃত্বাধীন স্ব-সহায়ক দলগুলিকে শক্তিশালী করতে সরকার যে ৮৩৭.৩২ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে, তা রাজ্যের মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলাকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। এছাড়া মহিলা স্ব-সহায়ক দল এবং মহিলা পরিচালিত সংস্থাগুলিকে ঋণ প্রদানে বিশেষ ভূমিকা রাখার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে সম্মানিত করা হয়।
‘সমৃদ্ধি ২.০’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের গ্রামীণ ও শহরাঞ্চলের মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই জীবিকায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ