
আরামবাগ, ১৮ মে (হি.স.): গোঘাট বিধানসভা এলাকার শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়ন ও পরিকাঠামো খতিয়ে দেখতে অবর বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। সোমবার গোঘাট বিধানসভার অন্তর্গত চারটি চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে বিধায়ককে এক বিশেষ সংবর্ধনা জানানো হয়। এদিন পরিদর্শকরা বিধায়কের হাতে ফুলের তোড়া ও উত্তরীয় তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা পর্বের পর বিধায়ক ও বিদ্যালয় পরিদর্শকদের মধ্যে এলাকার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়গুলির পরিকাঠামোগত খামতি দূর করা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রসার এবং ছাত্র-ছাত্রীদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনায় উঠে আসে। বিদ্যালয়গুলিতে একটি সুস্থ ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বৈঠক শেষে বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, শিক্ষা হলো সমাজ উন্নয়নের মূল ভিত্তি। আগামী দিনে গোঘাট বিধানসভা এলাকার প্রতিটি বিদ্যালয়ের পঠনপাঠন ও পরিকাঠামোকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে আমি বিধায়ক হিসেবে সর্বতোভাবে সহযোগিতা করব। অন্যদিকে, অবর বিদ্যালয় পরিদর্শকরাও আশা প্রকাশ করে জানান, সকলের সম্মিলিত ও ইতিবাচক প্রচেষ্টায় এলাকার শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি ঘটবে এবং শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা আগামী দিনে গোঘাটের শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA