ঝাড়গ্রামে ৪৯ নম্বর জাতীয় সড়কে পথসুরক্ষা বাড়াতে নতুন হাইওয়ে সাব ট্রাফিক গার্ড স্টেশনের উদ্বোধন
ঝাড়গ্রাম, ১৮ মে (হি.স.): জাতীয় সড়কে দুর্ঘটনা কমানো ও যান চলাচল আরও নিরাপদ ও সুগম করতে ঝাড়গ্রামের বেলতলায় ৪৯ নম্বর জাতীয় সড়কের ধারে পথ চলা শুরু করল নতুন একটি ট্রাফিক পুলিশ চৌকি। সোমবার সেখানে আনুষ্ঠানিকভাবে ‘লোধাশুলি হাইওয়ে সাব ট্রাফিক গার্ড
ঝাড়গ্রামে ৪৯ নম্বর জাতীয় সড়কে পথসুরক্ষা বাড়াতে নতুন হাইওয়ে সাব ট্রাফিক গার্ড স্টেশনের উদ্বোধন


ঝাড়গ্রাম, ১৮ মে (হি.স.): জাতীয় সড়কে দুর্ঘটনা কমানো ও যান চলাচল আরও নিরাপদ ও সুগম করতে ঝাড়গ্রামের বেলতলায় ৪৯ নম্বর জাতীয় সড়কের ধারে পথ চলা শুরু করল নতুন একটি ট্রাফিক পুলিশ চৌকি। সোমবার সেখানে আনুষ্ঠানিকভাবে ‘লোধাশুলি হাইওয়ে সাব ট্রাফিক গার্ড স্টেশন’-এর নতুন ভবনের উদ্বোধন করা হয়। ফিতে কেটে এই নতুন ট্রাফিক গার্ডের শুভ উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা এবং গোপীবল্লভপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রাজেশ মাহাতো।

ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই নতুন ট্রাফিক চৌকিটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ ও রোড সেফটি (পথসুরক্ষা) ব্যবস্থাকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, লোধাশুলির অন্তর্গত গুপ্তমণি থেকে চিচিঁড়া হয়ে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত এক বিস্তীর্ণ এলাকায় এবার থেকে ট্রাফিক ব্যবস্থা ও সমস্ত ধরণের যান চলাচলের উপর চব্বিশ ঘণ্টা কড়া নজরদারি চালানো হবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত গতিতে গাড়ি চালানো আটকানো, দুর্ঘটনা রোধ এবং আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী কর্মসূচির অঙ্গ হিসেবে পুলিশ সুপার মানব সিংলা ও বিধায়ক রাজেশ মাহাতোর উপস্থিতিতে থানা চত্বরে চারা গাছ রোপণ করা হয়। জেলা পুলিশের দাবি, নতুন এই ট্রাফিক চৌকিটি চালু হওয়ায় ৪৯ নম্বর জাতীয় সড়কে সাধারণ মানুষের নিরাপদ ও গতিময় যাতায়াতে অনেকটাই সুবিধা হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande