
আগরতলা, ১৮ মে (হি.স.) : আগরতলা শহরের রামনগর ৫ নম্বর রোড এলাকায় সোমবার দুপুরে একটি ই-রিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জনৈকা মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে পরিচয় জানা গেছে আবু কালাম শেখ (১৮), লিপিকা চক্রবর্তী (৩৮) এবং সাদেক আলী (১৮)। অপর এক আহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, রামনগর ৫ নম্বর রোডের মুখে দ্রুতগতিতে আসা ই-রিকশা ও একটি সাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে আগরতলা অগ্নি নির্বাপক দফতরের দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের সবাইকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জিবিপি হাসপাতালে দমকল বিভাগের জনৈক আধিকারিক জানান, আহতদের মধ্যে লিপিকা চক্রবর্তীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অন্য আহতদেরও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ