
জীবনতলা, ১৮ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় এক বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম দুধকুমার সরদার (৩৫)। টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইটভাটাটি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রভাবশালী নেতা শওকত মোল্লার ভাই শাজাহান মোল্লার বলে জানা গেছে। বিজেপির দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটা মালিকের কাছ থেকে অগ্রিম (দাদন) হিসেবে ২০ হাজার টাকা নিয়েছিলেন দুধকুমার। কিন্তু সময়মতো সেই টাকা পরিশোধ করতে না পারায় তাঁর ওপর দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। সোমবার সকালে ইটভাটারই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, টাকা আদায়ের নামে দুধকুমারকে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৃতের পরিবারের সদস্যরা থানার সামনেই ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা