পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন প্রাক্তন প্রতিমন্ত্রী কালীদাস দত্তের
ধর্মনগর (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী, ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ কংগ্রেস নেতা কালীদাস দত্তের শেষকৃত্য সোমবার ধর্মনগর মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। তাঁর প্রয়াণে ধর্মনগর তথা সমগ্র রাজ্যে
প্রয়াত প্রতিমন্ত্রী কালীদাস দত্ত


ধর্মনগর (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী, ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ কংগ্রেস নেতা কালীদাস দত্তের শেষকৃত্য সোমবার ধর্মনগর মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। তাঁর প্রয়াণে ধর্মনগর তথা সমগ্র রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার বিকেল ৪টা ২২ মিনিটে ধর্মনগরের নয়াপাড়াস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং সাধারণ মানুষের কাছে একজন সৎ, নিষ্ঠাবান ও জনমুখী নেতা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন।

সোমবার সকালে তাঁর মরদেহ প্রথমে নয়াপাড়ার নিজ বাসভবনে রাখা হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনিক আধিকারিক, শুভানুধ্যায়ী ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় নয়াপাড়া ক্লাবে। সেখান থেকে ধর্মনগর জেলা কংগ্রেস ভবন, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অফিস এবং তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে নিয়ে যাওয়া হয়। প্রতিটি স্থানে সহকর্মী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক সহযোদ্ধা ও সাধারণ মানুষ আবেগঘন পরিবেশে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মৃতদেহ ধর্মনগর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতি গান স্যালুট প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় এই বর্ষীয়ান নেতাকে।

এদিন মহাশ্মশানে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান ধর্মনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশীস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীস কুমার সাহা বলেন, “কালীদাস দত্ত ছিলেন কংগ্রেসের একজন নিবেদিতপ্রাণ সংগঠক এবং আদর্শবাদী নেতা। তাঁর মৃত্যুতে শুধু কংগ্রেস নয়, সমগ্র রাজ্যের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।”

কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, “তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল, সৎ ও জনগণের নেতা। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও মানবিকতা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিজেপি বিধায়ক জহর চক্রবর্তীও গভীর শোক প্রকাশ করে বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে কালীদাস দত্ত সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। ধর্মনগরের উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদান অনস্বীকার্য।”

উল্লেখ্য, কালীদাস দত্ত দীর্ঘ রাজনৈতিক জীবনে ধর্মনগরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। একজন শিক্ষক, সংগঠক, জনপ্রতিনিধি এবং মন্ত্রী হিসেবে তাঁর কর্মজীবন বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক যুগের অবসান ঘটল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande