
আগরতলা, ১৮ মে (হি.স.) : রাজধানী আগরতলায় আদালত চত্বর থেকে চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। ধৃতদের সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে পশ্চিম আগরতলা থানায় সাংবাদিক সম্মেলনে সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায় জানান, ঘটনার পরপরই পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। ওই দল দ্রুত তদন্ত শুরু করে এবং ধারাবাহিক অভিযানে সাফল্য অর্জন করে।
এর আগে এই মামলায় রবি মিয়া, জাকির হোসেন এবং ইকবাল হোসেন নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার আরও একজনকে গ্রেফতার করা হলেও তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ। ধৃতদের সকলেই সিপাহীজলা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এসডিপিও জানান, অপহরণকাণ্ডে ৬ থেকে ৭ জন দুষ্কৃতী অংশ নিয়েছিল। অপহরণে একটি সাদা রঙের বলেরো গাড়ি এবং একটি স্কুটি ব্যবহার করা হয়। স্কুটিটি ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হলেও বলেরো গাড়িটি এখনও উদ্ধার করা যায়নি। গাড়িটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অপহরণকাণ্ডের মূল চক্রী হিসেবে বিশালগড়ের কুখ্যাত অপরাধী ‘ব্যাটারি বিশু’র নাম উঠে এসেছে। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার উত্তর ব্রজপুর এলাকায় তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি। বর্তমানে সে পলাতক রয়েছে।
রাজধানীর ব্যস্ততম আদালত চত্বরের সামনে ফিল্মি কায়দায় সংঘটিত এই অপহরণকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, “ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। ধৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছি।” পুলিশের দাবি, খুব শিগগিরই মূল অভিযুক্ত ‘ব্যাটারি বিশু’সহ পলাতক অন্যদের গ্রেফতার করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ