খোয়াইয়ে পাম্পের কাছেই অবৈধভাবে জল মিশ্রিত পেট্রোল বিক্রি, হাতেনাতে ধরা বিক্রেতা
খোয়াই (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : খোয়াই শহরে জ্বালানি সংকটের মধ্যেই প্রকাশ্যে জল মিশ্রিত পেট্রোল কালোবাজারির অভিযোগে জনৈক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার সকালে খোয়াইয়ের অনবদ্য পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপ
জল মেশানো পেট্রোল সহ আটক


খোয়াই (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : খোয়াই শহরে জ্বালানি সংকটের মধ্যেই প্রকাশ্যে জল মিশ্রিত পেট্রোল কালোবাজারির অভিযোগে জনৈক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার সকালে খোয়াইয়ের অনবদ্য পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি পেট্রোল পাম্পের অদূরে অবৈধভাবে বোতল ও জারভর্তি পেট্রোল বিক্রি করে আসছিলেন। এদিন সকাল থেকেই তিনি প্রকাশ্যে পেট্রোল বিক্রি করছিলেন বলে অভিযোগ। ক্রেতাদের দাবি, বিক্রিত পেট্রোলে জল মেশানো ছিল, যার ফলে যানবাহনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বর্তমানে সারাদেশের মতো খোয়াইতেও বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পেট্রোল পাম্পের মাত্র ৫০ মিটারের মধ্যে কীভাবে অবাধে কালোবাজারি চলছিল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এ ধরনের বেআইনি ব্যবসা দীর্ঘদিন ধরে চলছিল।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুভাষ পার্ক আউট পোস্টের পুলিশ বাহিনী এবং খাদ্য দফতরের আধিকারিকরা। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পাশাপাশি উদ্ধার হওয়া পেট্রোলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ওই ব্যক্তি বিপুল পরিমাণ পেট্রোল সংগ্রহ করছিলেন, কোথা থেকে তা আনতেন এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় খোয়াইবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁদের দাবি, জ্বালানি সংকটের সুযোগ নিয়ে যাঁরা কালোবাজারি করছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande