
আগরতলা, ১৮ মে (হি.স.) : রাজধানী আগরতলায় মহারাজগঞ্জ বাজারে বাজার করতে এসে সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিকাশ চক্রবর্তী (৫২)। সোমবার সকালে মহারাজগঞ্জ বাজার সংলগ্ন লোটাস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাশ চক্রবর্তী সাইকেল চালিয়ে বাজার করতে মহারাজগঞ্জ বাজারে আসছিলেন। লোটাস ক্লাবের সামনে পৌঁছাতেই হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন প্রথমে ধারণা করেন, তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। সাইকেল থেকে পড়ে তার মাথা, কপাল এবং চোখে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে তিনি সঠিকভাবে কথা বলতে পারছিলেন না এবং নিজের বাড়ির ঠিকানাও স্পষ্টভাবে জানাতে পারেননি।
মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের দমকল কর্মীরা জানান, আহত ব্যক্তি মানসিকভাবে কিছুটা বিভ্রান্ত অবস্থায় ছিলেন। ফলে তাঁর ঠিকানা বা পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ