
বহরমপুর, ১৮ মে (হি.স.) : সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলা জুড়ে আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পৃথক পৃথক দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত এবং গাছ ও মাটির দেওয়াল চাপা পড়েই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটেছে। মৃতদের মধ্যে মহিলা ও বৃদ্ধও রয়েছেন। এছাড়া ঝড়ের দাপটে বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ির চাল উড়ে গেছে এবং বিঘার পর বিঘা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নওদা থানা এলাকায় ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হরিহরপাড়ায় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরও দুই জন গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভরতপুর থানা এলাকাতেও ঝড়ের কবলে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর।
পাশাপাশি, নবগ্রামে ঝড়ের সময় ভেঙে পড়া গাছের তলায় চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কান্দি থানা এলাকাতেও কালবৈশাখীর দাপটে পৃথক দুটি ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। জেলার বিস্তীর্ণ অংশে ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছানোর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি