ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি হওয়া বলেরো, গ্রেফতার এক
সাব্রুম (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর গাড়ি চুরির ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। আইসিএআর-কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), দক্ষিণ ত্রিপুরা ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি ম বল
চুরি যাওয়া বলেরো উদ্ধার


সাব্রুম (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর গাড়ি চুরির ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। আইসিএআর-কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে), দক্ষিণ ত্রিপুরা ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি ম বলেরো গাড়ি ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইসিএআর-কেভিকে দক্ষিণ ত্রিপুরার বিজ্ঞানী ডঃ ইঙ্গিতা গোহাঁই শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ১৬ ও ১৭ মে রাতের মধ্যে বিরচন্দ্র মনু এলাকায় অবস্থিত কেভিকে ক্যাম্পাসের একটি অফিস কক্ষের জানালা ভেঙে দুষ্কৃতিকারীরা ভিতরে প্রবেশ করে। পরে ক্যাম্পাসে রাখা টিআর-৮-০৯২১ নম্বরের বলেরো গাড়িটি চুরি করে নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই শান্তিরবাজার থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা গ্রহণ করা হয়। এসডিপিও বাপি দেববর্মা এবং মনপাথর আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) জয়ন্ত দাসের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়।

তদন্তের স্বার্থে বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে অভিযান শুরু করে পুলিশ। খোয়াই ও ধলাই জেলা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে অভিযানে দ্রুত অগ্রগতি আসে। অবশেষে ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া বলেরো গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। পাশাপাশি এই ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না এবং এই চক্রের সঙ্গে আরও কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রয়োজনে অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

এই সাফল্যের জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি অভিযানে যুক্ত সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, “দ্রুত পদক্ষেপ, আন্তঃজেলা সমন্বয় এবং পেশাদার তদন্তের ফলেই এত অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া গাড়ি উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande