
কোচবিহার, ১৮ মে (হি.স.) : কোচবিহারে এক প্রভাবশালী তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১-বি ব্লকের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কোচবিহারের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। এরপর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর দুপুরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, আব্দুল কাদেরের বিরুদ্ধে নির্বাচন শুরুর আগে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং মহিলাদের শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়ে তাঁকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত কয়েক দিনের মধ্যে কোচবিহারে এই নিয়ে দ্বিতীয়বার কোনও তৃণমূলের ব্লক স্তরের নেতা পুলিশি হেফাজতে গেলেন, যা নিয়ে জেলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি