
বারাসাত, ১৯ মে (হি. স.): চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য পেল সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে তদন্তভার হাতে নেওয়ার পর সোমবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেফতার করা হয় মামলার অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে। মঙ্গলবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বারাসাত জেলা আদালতে পেশ করা হয়।মঙ্গলবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে মুজফফরনগরের ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে রাজ সিং-কে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, হরিদ্বার হয়ে দিল্লিতে পালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পর, ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক ছিলেন। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্ব সিবিআইয়ের হাতে যায়। ইতিমধ্যেই এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাকি অভিযুক্তদের খোঁজে উত্তরপ্রদেশের বালিয়া-সহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়