
আরামবাগ, ১৯ মে (হি.স.) : আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া অবস্থান নিলেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। মঙ্গলবার আচমকাই তিনি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় কোনও ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। অতীতে হাসপাতালকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তিনি তুলে ধরেন। হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবা এবং বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।
এরপর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রামপ্রসাদ রায়ের হাতে ২২ দফা অভিযোগ ও দাবিপত্র তুলে দেন হেমন্ত বাগ। দ্রুত সমস্যার সমাধান এবং পরিষেবার মানোন্নয়নের দাবি জানান তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, “সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে কোনও আপোষ করা হবে না। প্রতিটি বিভাগে নিয়মিত নজরদারি রাখতে হবে এবং রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। মানুষ যাতে সঠিক পরিষেবা পান, সেই বিষয়ে প্রশাসনকে আরও গুরুত্ব দিতে হবে।”
বিধায়কের এই আকস্মিক পরিদর্শনকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশা, এর ফলে হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA