বাঁকুড়ায় তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ ছাত্রনেতা গ্রেফতার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য
বাঁকুড়া, ১৯ মে (হি.স.) : শিক্ষক নেতাকে মারধর, ডাকাতি এবং একাধিক বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ ঘনিষ্ঠ ছাত্রনেতাকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতের নাম সূরজ বক্স। সোমবার গভীর রাতে বাঁকুড়া শহরের স্কুলডাঙ
বাঁকুড়ার তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ ছাত্রনেতা গ্রেফতার


বাঁকুড়া, ১৯ মে (হি.স.) : শিক্ষক নেতাকে মারধর, ডাকাতি এবং একাধিক বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ ঘনিষ্ঠ ছাত্রনেতাকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতের নাম সূরজ বক্স। সোমবার গভীর রাতে বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূরজ বক্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগ্রামী যৌথ মঞ্চের এক শিক্ষক নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও, গত ১৩ মে বাঁকুড়া শহর সংলগ্ন রাজগ্রামে একটি ডাকাতির ঘটনায়ও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ডাকাতি-সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল।

এদিকে, সূরজ বক্স দাবি করেছেন, গ্রেফতারের সময় তাঁকে বা তাঁর পরিবারের সদস্যদের কোনও কারণ জানানো হয়নি। ধৃতের আইনজীবীর অভিযোগ, মিথ্যা মামলায় এক ছাত্রনেতাকে ফাঁসানো হয়েছে। আগামী ২৩ মে ফের মামলাটি আদালতে উঠবে।

স্থানীয় সূত্রে খবর, সূরজ বক্স জেলা রাজনীতিতে প্রভাবশালী বলেই পরিচিত ছিলেন। তাঁকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলছিল।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও সাংসদ ঘনিষ্ঠ আরও কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তৃণমূল শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্তকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্বাচনের আগে এক ব্যক্তির উপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

একই দিনে পাত্রসায়র থানার পুলিশ আরও দুই তৃণমূল নেতা মিলন কড়ি ও সাজাহান মিদ্যাকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে বিজেপির সদ্ভাবনা যাত্রায় হামলা চালানো, বোমা ও অস্ত্র মজুত রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande