
ঘোজাডাঙ্গা, ১৯ মে (হি. স.) : উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। বনগাঁ থেকে হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত সীমান্ত এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিলপা গৌরি সারিয়া, বসিরহাট মহকুমাশাসক জেসলিন কৌর, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বিএসএফ আধিকারিক, কেন্দ্রীয় গোয়েন্দা দফতর এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থেকে স্বরূপনগর হয়ে শামশেরনগর পর্যন্ত মোট ১৫১ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৫০ কিলোমিটার এখনও অরক্ষিত। বিশেষ করে জলসীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশ যৌথভাবে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে। বৈঠকে সীমান্তবর্তী গ্রামবাসীদেরও উপস্থিত রাখা হয়। জেলাশাসক জানান, অধিকাংশ জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে এবং বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কাঁটাতারের ওপারে থাকা পরিবারগুলিকে নিরাপদভাবে এপারে পুনর্বাসনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। দেশের সুরক্ষার স্বার্থে জমিদাতারাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়