
মুম্বই, ১৯ মে (হি.স.): কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সেই সঙ্গে বিশ্বমঞ্চে ফ্যাশন আইকন হিসেবে নিজের অবস্থানকে আরও মজবুত করলেন তিনি। সোমবার মিরাকেলস গালা ইভেন্টে যোগ দিয়েছিলেন জ্যাকলিন। সেখানে তাঁর প্রথম লুকটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় উঠেছে প্রশংসার ঝড় । বিশেষ সন্ধ্যার জন্য জ্যাকলিন বেছে নিয়েছিলেন 'ক্যারোলিন ক্যুটিউর'-এর একটি চমৎকার পোশাক। পোশাকটিতে আভিজাত্য এবং আধুনিক গ্ল্যামারের এক অপূর্ব মেলবন্ধন দেখা গেছে। টেক্সচার্ড ডিটেইলিং এবং ফিটেড সিলুয়েটের এই পোশাকে তিনি আকর্ষণীয় হয়ে উঠেছিলেন । অলংকার হিসেবে তিনি বেঁচে নিয়েছিলেন হিরের গয়না, যা তাঁর রেড কার্পেট লুকে যোগ করেছিল এক রাজকীয় ভাব ।
কান চলচ্চিত্র উৎসবে এই উপস্থিতি তাঁর সাফল্যের তালিকায় মাইলফলক হিসেবে রয়ে গেলো । বলিউড তারকা থেকে গ্লোবাল ফ্যাশন ফেভারিট হয়ে ওঠার এই যাত্রায় জ্যাকলিন তাঁর আন্তর্জাতিক স্টাইল স্টেটমেন্ট দিয়ে আবারও মুগ্ধ করলেন বিশ্ববাসীকে ।
প্রসঙ্গত, মিরাকেলস গালাকে কানের সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশন ইভেন্টগুলোর অন্যতম বলে গণ্য করা হয়। এবারের আসরে বেলা হাদিদ, ডেমি মুর এবং অ্যাড্রিয়ানা লিমার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারাও উপস্থিত ছিলেন। তবে সবচেয়ে গর্বের বিষয় হলো এই ইভেন্টে একমাত্র ভারতীয় তারকা হিসেবে উপস্থিত ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক