
হুগলি , ১৯ মে (হি.স.) : প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-এর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার পুরশুড়া থানায় ডেপুটেশন জমা দেয় কংগ্রেস। সেই কর্মসূচিতে এসে দলীয় প্রার্থীকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন পুড়শুড়া ব্লক কংগ্রেস সভাপতি অজিত ধারা।
এদিন পুরশুড়া থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় নেতা-কর্মীরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরশুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী হাবিবুর রহমানকে নিয়ে একাধিক অভিযোগ তোলেন অজিত ধারা।
তিনি দাবি করেন, নির্বাচনের সময় সাংগঠনিক সমস্ত কাজ তিনিই পরিচালনা করেছিলেন। পাশাপাশি দলীয় তহবিল থেকে প্রায় সাড়ে আট লক্ষ টাকা পাওয়ার পরও প্রার্থী তাঁকে কোনও হিসাব দেননি বলে অভিযোগ করেন। তাঁর এই মন্তব্যে দলের অন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অজিত ধারা জানান, বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বের নজরে আনবেন। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত হাবিবুর রহমানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রদেশ কংগ্রেস সভাপতির উপর হামলার প্রতিবাদ ঘিরে শুরু হওয়া কর্মসূচির মধ্যেই এই মন্তব্য সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA