
নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার সমাজমাধ্যম এক্স-এ করা এক পোস্টে খাড়গে স্বাধীনতা আন্দোলন ও দেশের জনজীবনে নীলম সঞ্জীব রেড্ডির অবদান স্মরণ করেন।
খাড়গে লেখেন, “ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাষ্ট্রনায়ক। জাতীয় আন্দোলন এবং জনজীবনে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কংগ্রেস সভাপতি আরও উল্লেখ করেন, নীলম সঞ্জীব রেড্ডি তিনবার কংগ্রেস সভাপতি হওয়ার বিরল সম্মান অর্জন করেছিলেন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নবগঠিত রাজ্যের আধুনিকীকরণ ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উল্লেখ্য, ১৯১৩ সালের ১৯ মে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় জন্মগ্রহণ করেন নীলম সঞ্জীব রেড্ডি। স্বাধীনতা আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে কংগ্রেসের সঙ্গে যুক্ত হন এবং একাধিকবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। স্বাধীনতার পর তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হন। পরে লোকসভার অধ্যক্ষ এবং দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৭৭ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন এবং দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নজির গড়েন। রাজনৈতিক জীবনে তাঁর সরলতা, সাংগঠনিক দক্ষতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা আজও স্মরণ করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য