
কলকাতা, ১৯ মে ( হি. স.) : আগামী মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে এক নতুন ক্রীড়া কর্মসূচির সূচনা হতে চলেছে। আগামী ৭ জুন থেকে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় অর্থাৎ ২৩টি জেলার সমস্ত ব্লক স্তরে একটি মেগা সাইকেল ম্যারাথনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নব মহাকরণে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি অকপটে জানান, গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে খেলাধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখেই ব্লক স্তর থেকে এই প্রচার অভিযান শুরু করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী আরও জানান, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর সার্বিক উন্নয়নে সরকার একগুচ্ছ নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং খেলাধুলার প্রতি তাদের আরও বেশি আকৃষ্ট করে তুলতেই রাজ্য সরকার এই সচেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামীণ ও জেলা স্তরের সুপ্ত প্রতিভাদের তুলে আনার উদ্দেশ্যে রাজ্যের সমস্ত জায়গায় ক্রীড়া মহোৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের এই যৌথ উদ্যোগ আগামী দিনে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে এক নতুন জোয়ার আনবে বলে আশাপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত