
শিলিগুড়ি, ১৯ মে (হি.স.) : বাগডোগরার হাঁসখোয়া বন্দিজোত এলাকার একটি বেসরকারি চা বাগানের নালা থেকে মাথা, হাত ও পা কাটা একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে ঘটনাস্থলে। জানা গেছে, মঙ্গলবার সকালে তিনজন যুবক ওই নালার ধারে মাশরুম তুলতে গিয়েছিলেন। তখনই তাদের নজর পড়ে এই ক্ষতবিক্ষত দেহটির ওপর। তারা তড়িঘড়ি বিষয়টি বাগান মালিককে জানান এবং পরবর্তীতে বাগডোগরা থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ ও বন দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃতদেহটি প্রায় ছয়-সাত দিন পুরোনো এবং তা অনেকটাই পচে গেছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, উদ্ধার হওয়া দেহটিতে মাথা, হাত কিংবা পা কিছুই নেই। এর ফলে প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে যে, ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই হাত-পা ও মাথা কেটে দেহটি এখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং গোটা ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি