
হাফলং (অসম), ১৯ মে (হি.স.) : অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের অনুমোদনক্রমে বিজেপি-শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী কমিটির সম্প্রসারণ করা হয়েছে। মোট ছয়জনকে দেবোলাল গার্লোসার কার্যনির্বাহী কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বিজেপি সদস্য মনঞ্জয় লাংথাসা, রতন জারামবুসা, প্রজিৎ হোজাই, লালরেমসিয়ামে ডারনে, নহা দাইমে এবং এন লিয়েনথাং। তবে পরিষদের বর্তমান কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে দেবজিৎ বাটারি এবং বিশ্বজিৎ দাওলাগাপুকে।
উল্লেখ্য, ২৮ জন নির্বাচিত এবং রাজ্যপাল কর্তৃক দুজন মনোনীত সদস্য মিলে ৩০ সদস্য-বিশিষ্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ৩০ জনই বিজেপির সদস্য। এর মধ্যে সম্প্রতি পরিষদের কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল চাংসনের মৃত্যু হয়েছে এবং পরিষদের দিয়ুংব্রা আসনের প্রতিনিধি তথা পরিষদের বিজেপি-সদস্য রূপালি লাংথাসা হাফলং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর পরিষদের দিগের ও দিয়ুংব্রা আসন এখন শূন্য হয়ে পড়েছ।
তাই, বর্তমানে ৩০ সদস্য বিশিষ্ট পার্বত্য পরিষদে বিজেপির সদস্য সংখ্যা ২৮ জন। এদিকে, নতুন করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে যে ছয়জন কার্যনির্বাহ কমিটিতে স্থান পেয়েছেন, তাঁদের দফতর বণ্টন করবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব