(লিড ) দিল্লিকে বিশ্বমানের ট্রাফিক ব্যবস্থার উদাহরণ হিসেবে গড়ে তোলা হবে: গড়করি
নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : রাজধানী দিল্লিকে ভবিষ্যতে বিশ্বমানের পরিবহন ব্যবস্থার একটি উদাহরণ হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতীন গড়করি। মঙ্গলবার তিনি ডিএনডি-ফরিদাবাদ-সোহনা নিয়ন্ত্রিত প্রবেশ মহাসড়ক প্রক
(লিড ) দিল্লিকে বিশ্বমানের ট্রাফিক ব্যবস্থার উদাহরণ হিসেবে গড়ে তোলা হবে: গড়করি


নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : রাজধানী দিল্লিকে ভবিষ্যতে বিশ্বমানের পরিবহন ব্যবস্থার একটি উদাহরণ হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতীন গড়করি।

মঙ্গলবার তিনি ডিএনডি-ফরিদাবাদ-সোহনা নিয়ন্ত্রিত প্রবেশ মহাসড়ক প্রকল্প পরিদর্শন করেন। সেখানেই তিনি জানান, ২০১৫ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দিল্লিকে যানজট ও ট্রাফিক চাপ থেকে মুক্ত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং উড়ালপথ নির্মাণের মাধ্যমে রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে।

তিনি বলেন, এই উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, তেমনি দূষণ কমবে এবং পণ্য পরিবহন ব্যবস্থাও আরও দক্ষ হয়ে উঠবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গতি আসবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্রা ও অজয় টমটা, সাংসদ রামবীর সিং বিধুরি এবং প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি।

গড়করি আরও জানান, বর্তমানে দিল্লিতে প্রায় ১.৬০ লক্ষ কোটি টাকার সড়ক অবকাঠামো প্রকল্প চলছে। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ৮৭ হাজার কোটি টাকার ব্যয়ে ১০৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া ১৩ হাজার কোটি টাকার ২২৫ কিলোমিটার রাস্তার কাজ চলছে। ভবিষ্যতের জন্য আরও ৩৪,৫০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবিত রয়েছে এবং ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই সমস্ত প্রকল্পের মূল লক্ষ্য হলো যানজট কমানো, ভিড় ও দূষণ হ্রাস করা, জ্বালানি সাশ্রয় করা এবং মাল পরিবহনের খরচ কমানো। পাশাপাশি এতে বিপুল কর্মসংস্থানও তৈরি হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, কেন্দ্রীয় সরকার এবং নিতীন গড়করির উদ্যোগে দিল্লি নতুন প্রাণ পেয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজধানী ট্রাফিক ও দূষণের সমস্যায় ভুগছিল, কিন্তু এই বৃহৎ প্রকল্পগুলি পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। গত ১২ বছরে শুধুমাত্র দিল্লির জন্য প্রায় ১.৩১ লক্ষ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে।

তিনি আরও বলেন, দিল্লিকে একটি বিশ্বমানের, সবুজ ও টেকসই পরিবহন ব্যবস্থার শহর হিসেবে গড়ে তোলার কাজ ঐতিহাসিক।

ডিএনডি-ফরিদাবাদ-সোহনা নিয়ন্ত্রিত প্রবেশ মহাসড়ক প্রকল্পের কাজ শুরু হয় ১১ জানুয়ারি ২০২২ সালে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই অংশে ৭.৫ কিলোমিটার উড়ালপথ এবং ১.৫ কিলোমিটার রাস্তা স্থলভাগে তৈরি করা হচ্ছে। এর মধ্যে আগ্রা ক্যানালের উপর ১৪০ মিটার দীর্ঘ একটি স্টিল আর্চ ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যা আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে।

ভারতমালা প্রকল্পের অধীনে এনএইচএআই দ্বারা নির্মিত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ৫৯.০৬৩ কিলোমিটার এবং আনুমানিক ব্যয় প্রায় ৪৪৬৩ কোটি টাকা। এটি দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রাম ও সোহনাকে যুক্ত করে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং জেভার আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবে।

প্রকল্প সম্পন্ন হলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে, যান চলাচল আরও মসৃণ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande