
বেইরুট (লেবানন), ১৯ মে (হি.স.): মার্কিন মধ্যস্থতায় ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে সংঘর্ষ থামেনি। ইরান-সমর্থিত জঙ্গি সংগঠন হিজবুল্লাহ এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশই তীব্র আকার নিচ্ছে। সোমবার দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, চলতি বছরের ২ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত ইজরায়েলি হামলায় দেশে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯,২৭৩ জন। মৃতদের মধ্যে ১৮ বছর বা তার কম বয়সি ২১১ জন শিশু-কিশোর এবং ১১৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানানো হয়েছে।
জানা গেছে , দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইজরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহ রশাফ এলাকায় ইজরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি কার্যত নামমাত্র। গত ১৬ এপ্রিল প্রথমবার ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু সেই সময়ও হামলা বন্ধ হয়নি। পরে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ১৫ মে ফের ৪৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ, তবুও সংঘর্ষ ও হামলা অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য