
তিরুবনন্তপুরম, ১৯ মে (হি.স.) : কেরলমের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখতে হোয়াইট পেপার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার এই ঘোষণা করেন কেরলমের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বর্তমান আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিব ডঃ কে. এম. চন্দ্রশেখরকে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব কে. আর. জ্যোতিলাল কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকবেন।এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ ডঃ নারায়ণন এবং সিডিএস-এর ডিরেক্টর ডঃ বীরামণি।সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আর্থিক অবস্থা, ঋণের চাপ, উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবে এই কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতেই হোয়াইট পেপার প্রকাশ করা হবে।রাজনৈতিক মহলের মতে, কেরলমের আর্থিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের লাগাতার সমালোচনার মাঝেই সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকারের আশা, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট রাজ্যের আর্থিক চিত্র আরও স্পষ্ট করবে এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে সহায়ক হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য