
কলকাতা, ১৯ মে (হি. স.) : প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়-এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । মঙ্গলবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”
উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা কথাসাহিত্যে বাস্তববাদী ধারার অন্যতম প্রধান সাহিত্যিক হিসেবে তিনি বিশেষ পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে সমাজজীবনের টানাপোড়েন, অর্থনৈতিক বৈষম্য এবং মানবিক সংকট তাঁর লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়েছিল। বাংলা সাহিত্যে আধুনিক ও বৈপ্লবিক ধারার সূচনাকারী সাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম বলে মনে করা হয়।১৯০৮ সালের ১৯ মে তৎকালীন বিহারের সাঁওতাল পরগণার দুমকায় তাঁর জন্ম হয়। বর্তমানে অঞ্চলটি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘পদ্মা নদীর মাঝি’, ‘পুতুল নাচের ইতিকথা’ সহ একাধিক উপন্যাস ও ছোটগল্প, যা বাংলা সাহিত্যে আজও সমানভাবে সমাদৃত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত