
মনসুকা, ১৯ মে (হি. স.): বন্যাত্রাণের ত্রিপল, হাঁড়ি-কড়া সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী ব্যক্তিগত গোডাউনে মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার মনসুকা গ্রামে এক তৃণমূল নেতার ব্যক্তিগত গোডাউনে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত থাকার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বন্যাত্রাণের সামগ্রী গোপনে মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে এলাকার মানুষ গোডাউনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের জন্য আসা ত্রাণ সামগ্রী ব্যক্তিগতভাবে লুকিয়ে রাখা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, ত্রাণ বণ্টনে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়