
শান্তিপুর, ১৯ মে (হি. স.): নদীয়ার শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো সরকারি পিএইচই-র প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া লোহার পাইপ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হাসান শেখ ও প্রশান্ত মণ্ডল।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাট থানা এলাকার একটি রাস্তার ধারে পিএইচই-র জল সরবরাহ প্রকল্পের জন্য রাখা সরকারি পাইপ চুরি হয়ে যায়। পাইপলাইনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কলকাতার বরানগরের বাসিন্দা প্রদীপ কুমার দে গোপন সূত্রে খবর পান, একটি লরিতে করে চুরি যাওয়া পাইপ পাচার করা হচ্ছে এবং সেটি শান্তিপুর থানা এলাকার একটি হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি লরি বোঝাই পাইপ দেখতে পান। সন্দেহ হওয়ায় চালক ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দিতে থাকে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে পুলিশ শান্তিপুরের বাবলা এলাকার একটি আমবাগান থেকে ৪০টি পাইপ ও সংশ্লিষ্ট লরিটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে বড়সড় চোরচক্র সক্রিয় থাকতে পারে। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়