
কলকাতা, ১৯ মে (হি. স.): পার্ক সার্কাস এলাকায় রবিবার পুলিশের উপর পাথর ছোড়ার ঘটনায় ধৃতদের মঙ্গলবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে তদন্ত চালাল কলকাতা পুলিশ। দুপুরে কড়া নিরাপত্তার মধ্যেই অভিযুক্তদের পার্ক সার্কাসের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখেন, কোন কোন জায়গায় জড়ো হয়ে অভিযুক্তরা গোলমালের পরিকল্পনা করেছিল এবং কীভাবে হামলার ঘটনা ঘটানো হয়েছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনার মধ্যে পুলিশের উপর ইট-পাথর ছোড়া হয়। ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন এবং কয়েকটি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এরপরই সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবারের পুনর্গঠন তদন্তে অভিযুক্তদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হয়। কোন রাস্তা ব্যবহার করে তারা ঘটনাস্থলে পৌঁছেছিল, কোথায় জড়ো হয়েছিল এবং কীভাবে হামলার পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। গোটা এলাকায় এদিন মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কলকাতা পুলিশের দাবি, ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়