
মস্কো, ১৯ মে (হি.স.) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসছেন। তিনি ভারতের সভাপতিত্বে ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস গোষ্ঠীভুক্ত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভের বক্তব্য উদ্ধৃত করে এই সফরের কথা নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
এই সফর হবে এক বছরের মধ্যে পুতিনের দ্বিতীয় ভারত সফর। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে তিনি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন।
উল্লেখযোগ্যভাবে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি ভারত সফর করেছেন। তিনি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি-সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন দিল্লিতে ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলির বিদেশমন্ত্রীদের দুই দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যার সভাপতিত্ব করেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য