
ফলতা, ১৯ মে (হি. স.): আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার হাইভোল্টেজ প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা পৌনে বারোটা নাগাদ ফলতায় পৌঁছে তিনি বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে একটি দীর্ঘ পদযাত্রা শুরু করেন। নির্বাচনের আবহে এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে।পদযাত্রার আগে স্থানীয় মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। পরে হুডখোলা গাড়িতে চড়ে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। রাস্তার দু’ধারে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা, স্লোগান ও ফুল বর্ষণে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।এ দিনের সভা থেকে বড় রাজনৈতিক ঘোষণাও করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় নিহত বিজেপির ৩২১ জন কর্মীর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য বিশেষ আর্থিক ও সামাজিক পুনর্বাসন প্যাকেজের ঘোষণাও করেন তিনি।রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই কর্মসূচির মাধ্যমে আবেগ ও সংগঠন—দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তারের চেষ্টা করল বিজেপি নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়