
ঝাড়গ্রাম, ১৯ মে (হি.স.) : বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রাবনী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অমিয় মাহাত (২৩)। আহত হয়েছেন তাঁর এক বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অমিয় মাহাত ও তাঁর বন্ধু বাড়ি থেকে একটি খাবারের দোকানের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালি বোঝাই ট্রাক্টর তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় অমিয়ের বন্ধু রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। অন্যদিকে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে গুরুতর জখম হন অমিয়।
দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। পাশাপাশি ট্রাক্টরটিও আটক করে রাখা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় অমিয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মানিকপাড়া বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও চালককে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃতের জেঠতুতো দাদা দীনেশ মাহাত জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পরে রাস্তার ধারের একটি বেলগাছে গিয়ে ধাক্কা মারে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অমিয় পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তাঁর অকাল মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝাড়গ্রামের বৈতা এলাকার একটি খাদান থেকে প্রতিদিনই বালি বোঝাই ট্রাক্টর এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অধিকাংশ গাড়িই বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো