হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে ধোঁয়া, ব্যাপক আতঙ্ক যাত্রীদের মধ্যে
হাওড়া, ১৯ মে ( হি. স.) : হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ডাউন মিথিলা এক্সপ্রেসে ধোঁয়া বেরোনোকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বিকেল ৫টা নাগাদ ওই দূরপাল্লার ট্রেনের জেনারেল কম্পার্টম
স্নিফার ডগ


হাওড়া, ১৯ মে ( হি. স.) : হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ডাউন মিথিলা এক্সপ্রেসে ধোঁয়া বেরোনোকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বিকেল ৫টা নাগাদ ওই দূরপাল্লার ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের একটি শৌচাগার থেকে হঠাৎ করেই গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। ট্রেনের কামরায় ধোঁয়া দেখতে পেয়েই হুড়োহুড়ি পড়ে যায় এবং যাত্রীরা আতঙ্কে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং গভর্নমেন্ট রেল পুলিশ। কোনো বড়সড় বিপত্তির আশঙ্কায় কিছুক্ষণের মধ্যেই ওই নির্দিষ্ট কামরাটিকে ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং স্টেশন চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

রেল সূত্রের খবর, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। প্ল্যাটফর্মে নিয়ে আসা হয় রেলের স্নিফার ডগ এবং ফরেনসিক বিশেষজ্ঞ দলও তদন্তে নেমেছে। ট্রেনের সাধারণ যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নেন নিরাপত্তা রক্ষীরা। তবে এই ঘটনায় ট্রেনের ভেতরে আগুন লাগার বিষয়টিকে অবশ্য পুরোপুরি খারিজ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

হাওড়ার ডিসিএম তথা পিআরও হরি নারায়ণ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ট্রেনে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি, মূলত একটি কামরার ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। রেলের তৎপরতায় দ্রুত সেই ধোঁয়া নির্গমন বন্ধ করা হয়েছে এবং সুরক্ষার স্বার্থে কামরাটির ভেতরের ধোঁয়া লাগা অংশটি সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়েছে। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে এই ধোঁয়া বেরোচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে রেল পুলিশ ও ফরেনসিক দল যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande