
কলকাতা, ১৯ মে (হি. স.) : রাজ্যের ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এক ঐতিহাসিক ও আকর্ষণীয় পুরস্কার নীতি ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সফল পদকজয়ী খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের পরিমাণ একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করার প্রস্তাব নেওয়া হয়েছে। মঙ্গলবার নব মহাকরণে আয়োজিত এক উচ্চপর্যায়ের সাংবাদিক সম্মেলনে এই মেগা পুরস্কারের খতিয়ান তুলে ধরেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে এই বর্ধিত পুরস্কার ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে লাগু করা হবে, সে বিষয়ে মন্ত্রী এখনই নির্দিষ্ট করে কিছু খোলসা করেননি।
ঘোষিত নতুন নীতি অনুযায়ী, অলিম্পিক গেমসের মঞ্চে সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের জন্য কোটি কোটি টাকার আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখছে রাজ্য। অলিম্পিকে সোনা, রুপো এবং ব্রোঞ্জ জয়ীদের জন্য যথাক্রমে মাথাপিছু ৮ কোটি, ৬ কোটি এবং ৪ কোটি টাকা করে নগদ পুরস্কার বরাদ্দ করার কথা জানানো হয়েছে। ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে দেন যে, কেবল অলিম্পিকই নয়, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় গেমসের সফল পদকজয়ীদের জন্যও রাজ্য সরকারের তরফে বড় অঙ্কের আর্থিক পুরস্কারের সংস্থান থাকছে। শুধু বিপুল পরিমাণ নগদ টাকাই নয়, মেধা ও যোগ্যতার যথাযথ সম্মান দিতে পদকজয়ীদের শিক্ষাগত যোগ্যতার নিরিখে সরাসরি 'ডিএসপি' পদমর্যাদা পর্যন্ত সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে বলেও রাজ্য ক্রীড়া দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার ক্রীড়াজগতে এক নতুন জোয়ার আনবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত