
কৈথাল, ১৯ মে (হি.স.) : হরিয়ানার কৈথাল জেলার কালায়েত এলাকায় মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাচীন কপিল মুনি মন্দিরের সরোবরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দুই বোন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই বোনের নাম পলক (২১) ও পরমজিৎ (১৯)। তাঁরা রেলওয়ে রোড এলাকার সীতা নগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়িতে সামান্য বিষয় নিয়ে বচসার পর দুই বোন এদিন ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাঁরা কপিল মুনি মন্দিরের সরোবরে পৌঁছে ঝাঁপ দেন বলে অভিযোগ। মন্দিরের পুরোহিত সঞ্জয় গৌতম মন্দির চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরায় দুই তরুণীকে সরোবরের দিকে ছুটে যেতে দেখেন। এরপরই তিনি প্রশাসনকে খবর দেন।
ঘটনার খবর পেয়ে শ্রী কপিল মুনি তীর্থ কমিটির সভাপতি রাজু কৌশিক, রাজবীর রাহবাড়ি-সহ স্থানীয়রাও উদ্ধারকাজে নামেন। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কালায়েত কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কৈথাল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস