
নয়া দিল্লি, ১৯ মে (হি.স.) : কেন্দ্রের বহুচর্চিত গ্রেট নিকোবার দ্বীপ প্রকল্পকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হল। কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ অভিযোগ করেছেন, এই প্রকল্পের কারণে গ্রেট নিকোবার বায়োমণ্ডল রিজার্ভ অঞ্চল ধ্বংসের মুখে পড়ছে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভারতে ইউনেস্কো স্বীকৃত একাধিক বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যার উদ্দেশ্য হলো পরিবেশ ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা। বর্তমানে দেশের ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১৩টি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কে অন্তর্ভুক্ত।
জয়রাম রমেশের দাবি, ২০১৩ সালে অন্তর্ভুক্ত হওয়া গ্রেট নিকোবার বায়োস্ফিয়ার রিজার্ভ এখন কেন্দ্রের গ্রেট নিকোবার দ্বীপ প্রকল্পের কারণে মারাত্মক হুমকির মুখে। তাঁর অভিযোগ, এই প্রকল্প মূলত বাণিজ্যিক স্বার্থ দ্বারা পরিচালিত এবং এর ফলে ওই অঞ্চলের সংবেদনশীল পরিবেশব্যবস্থার ব্যাপক ক্ষতি হতে পারে।
উল্লেখ্য, এর আগেও তিনি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, জনজাতি বিষয়ক মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি লিখে এই প্রকল্পের পরিবেশগত অনুমোদন, বন অধিকার আইন মেনে চলা এবং সামগ্রিক পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য