
দুর্গাপুর, ১৯ মে (হি. স.): রক্তের সংকট মোকাবিলা এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
‘কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল’-এর উদ্যোগে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুনডাঙা কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। একইসঙ্গে নতুনডাঙা ও পানশিউলি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা ফোরামের সভাপতি জিতেন্দ্র কুমার তেওয়ারি। উদ্যোক্তাদের দাবি, শিবিরে প্রায় ১৫০ জন যুবক রক্তদান করেন। সংগৃহীত রক্ত জেলা ও রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে।
বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি বলেন, “রক্তের অভাবে জেলায় কাউকে মরতে দেওয়া হবে না। রক্তদানে পাণ্ডবেশ্বর সবসময় অগ্রণী ভূমিকা নেবে।”
ফোরামের পক্ষ থেকে সপ্তর্ষি মণ্ডল জানান, রাজনৈতিক হানাহানির পরিবর্তে মানুষের সেবায় রক্তদানের মতো মানবিক উদ্যোগই তাদের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা