ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে এবিভিপি-র বিক্ষোভ, ফলাফল ও ফরম ফিলাপ সমস্যার দ্রুত সমাধানের দাবি
বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার ফলাফল প্রকাশ ও ফরম ফিলাপ সংক্রান্ত একাধিক সমস্যার প্রতিবাদে তীব্র আন্দোলনে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)
এবিভিপির বিক্ষোভ


বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার ফলাফল প্রকাশ ও ফরম ফিলাপ সংক্রান্ত একাধিক সমস্যার প্রতিবাদে তীব্র আন্দোলনে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে কলেজ চত্বর উত্তাল হয়ে ওঠে।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, পরীক্ষায় অংশগ্রহণ করার পরও বহু শিক্ষার্থীর ফলাফলে অযৌক্তিকভাবে ব্যাক দেখানো হচ্ছে। আবার অনেকের উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে ‘এবসেন্ট’ উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশে বিলম্ব এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ঘনঘন কারিগরি ত্রুটির কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের।

ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু শিক্ষার্থী প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে ফরম ফিলাপ করতে পারছেন না। ফলে তাঁদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। বিষয়টি বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।

এই পরিস্থিতিতে সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে এবিভিপি-র উদ্যোগে কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। পাশাপাশি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল দাসের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলেজের অধ্যক্ষ ডঃ মনোরঞ্জন দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। অধ্যক্ষ দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি অধ্যক্ষের মাধ্যমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে জমা দেওয়া হয়।

এবিভিপি নেতৃবৃন্দের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা জানান, আগামী ১৫ দিনের মধ্যে সমস্যাগুলির সমাধান না হলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন। প্রয়োজনে রাজ্যজুড়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যক্ষ ডঃ মনোরঞ্জন দাস বলেন, ছাত্রছাত্রীদের উত্থাপিত দাবিগুলি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন এবং বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande