
কলকাতা, ২০ মে (হি.স.): স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিল ‘আয়কর কর্মচারী ফেডারেশন’ । বুধবার কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ঐতিহাসিক ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুডিলি) উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হলো।
সংগঠন সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে মাত্র ৬৮ জন দূরদর্শী ও সংগ্রামী কর্মীকে নিয়ে পথ চলা শুরু করেছিল এই ফেডারেশন। আজ তা মহীরুহের আকার ধারণ করে দেশজুড়ে বিস্তৃত হয়েছে। এদিন সকালে সংগঠনের ঐতিহ্যবাহী পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্ল্যাটিনাম জুবিলি বর্ষের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর আয়োজিত মূল মঞ্চের অধিবেশনে সংগঠনের দীর্ঘ গৌরবময় ইতিহাস, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সুমিত বোস, ভাস্কর ভট্টাচার্য এবং সংগঠনের সর্বভারতীয় সভাপতি জয়দেব বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করেন বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী।
ফেডারেশনের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে কেবল উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সারা বছর জুড়ে দেশ তথা রাজ্যব্যাপী একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে ধারাবাহিক রক্তদান শিবির, নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির সহ দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। সভার মূল পর্বের শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত